আপনার কি কখনও মনে হয়েছে শিশুরা কীভাবে বড়দের আচরণ শিখে? তারা কি শুধুমাত্র সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে শিখে, নাকি অন্যদের পর্যবেক্ষণ করেও শিখতে পারে? এমনই একটি প্রশ্নের উত্তর খুঁজতে, ১৯৬১ সালে স্ট্যানফোর্ড এ এক বিস্ময়কর পরীক্ষা চালিয়েছিলেন মনোবিজ্ঞানী আলবার্ট বান্দুরা। সেই পরীক্ষার নাম বোবো ডল পরীক্ষা। একটি সামান্য পুতুল কীভাবে মানব আচরণের জটিল রহস্য উন্মোচন করেছিল, তা জানলে আপনি অবাক হবেন।
কেন এই পরীক্ষা?
৬০ এর দশকে বিজ্ঞানীদের ধারণা ছিল, শেখা সবসময় ক্লাসিক্যাল এবং অপারেশনাল কন্ডিশনিংয়ের ফল। কিন্তু, বান্দুরা লক্ষ্য করেন, শিশুদের আচরণ তাদের পারিপার্শ্বিকতার সাথে নিবিড় ভাবে সম্পর্কিত। তখন তার মনে একটি প্রশ্ন জাগে: শিশুরা কি শুধুই নিজেদের অভিজ্ঞতা থেকে শেখে, নাকি অন্যদের দেখেও শেখার ক্ষমতা রাখে? তিনি ভাবতে শুরু করলেন, যদি একটি নির্দিষ্ট পরিবেশে শিশুদের রাখা হয় এবং তারা বড়দের একটি বিশেষ আচরণ দেখে, তবে তারা কি সেই আচরণ অনুকরণ করবে? বিশেষ করে, তারা কি সহিংসতা অনুকরণ করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তৈরি হয় ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ মনোবৈজ্ঞানিক পরীক্ষা।
বোবো ডল: পরীক্ষার কেন্দ্রীয় চরিত্র
পরীক্ষার কেন্দ্রে ছিল বোবো ডল, এক চমৎকার খেলনা। এটি প্রায় ৫ ফুট লম্বা, বেলুনের মতো ফোলানো, এবং কার্টুন ক্লাউনের আকৃতির। তার ছিল একটি বড় লাল নাক এবং হাসিমুখ। বোবো ডলের এক অদ্ভুত বৈশিষ্ট্য ছিল—এটি নিচের দিকে ভারী হওয়ায় যতোই ধাক্কা দেওয়া হোক বা ফেলে দেওয়া হোক না কেনো এটি আবার দাঁড়িয়ে যেত।
পরীক্ষার প্রক্রিয়া
পরীক্ষায় অংশ নেয় ৭২ জন শিশু, বয়স ৩ থেকে ৬ এর মধ্যে। তাদের তিনটি দলে ভাগ করা হয়:
- আক্রমণাত্মক মডেল পর্যবেক্ষণকারী দল: এই দলের শিশুরা প্রাপ্তবয়স্ক মডেলকে বোবো ডলের প্রতি শারীরিক ও মৌখিক আক্রমণ করতে দেখে।
- অনাক্রমণাত্মক মডেল পর্যবেক্ষণকারী দল: এই দলের শিশুরা প্রাপ্তবয়স্ক মডেলকে শান্তভাবে খেলতে দেখে।
- নিয়ন্ত্রণ দল: এই দলের শিশুরা কোনো মডেল পর্যবেক্ষণ করেনি।
প্রত্যেক শিশুকে প্রথমে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে বিভিন্ন খেলনা ছিল। আক্রমণাত্মক মডেল পর্যবেক্ষণকারী দলের শিশুরা দেখে, প্রাপ্তবয়স্ক মডেল বোবো ডলকে ঘুষি, লাথি এবং মুগুর দিয়ে আঘাত করছে এবং “সক হিম ইন দ্য নোজ” এবং “পাও” এর মতো শব্দ ব্যবহার করছে। অনাক্রমণাত্মক মডেল পর্যবেক্ষণকারী দলের মডেলরা বোবো ডলকে উপেক্ষা করে শান্তভাবে টিঙ্কারটয় নিয়ে খেলেছে।
ফলাফল:
ফলাফল ছিল চমকপ্রদ! যেসব শিশুরা আক্রমণাত্মক মডেল দেখে, তারা বোবো ডলকে একইভাবে আঘাত করে। তাদের আচরণ প্রাপ্তবয়স্কদের আচরণের প্রতিচ্ছবি। তারা একইভাবে ডলকে ঘুষি, লাথি মারে এবং একই বাক্যাংশও বলে। আগ্রাসী আচরণ পর্যবেক্ষণকারী দলের প্রায় ৯০ শতাংশ শিশু পরবর্তীতে প্রাপ্তবয়স্কদের আচরণের অনুকরণে একইভাবে পুতুলটিকে আক্রমণ করে এবং আট মাস পরেও সেই শিশুদের ৪০ শতাংশ একই আচরণ প্রদর্শন করে। অন্যদিকে, অনাক্রমণাত্মক দল এবং নিয়ন্ত্রণ দলের শিশুরা অনেক কম আক্রমণাত্মক আচরণ করে।
একটি আকর্ষণীয় বিষয় হলো, ছেলেরা মেয়েদের তুলনায় শারীরিক আক্রমণ বেশি দেখিয়েছিল, কিন্তু মৌখিক আক্রমণে দুই লিঙ্গের মধ্যে পার্থক্য ছিল কম।
পরিণাম:
এই পরীক্ষা শুধুই শিশুদের আচরণ বোঝার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটি আমাদের চোখ খুলে দেয়। বান্দুরার গবেষণা দেখিয়ে দেয়, আমাদের প্রতিদিনের আচরণ শিশুদের মানসিকতায় গভীর প্রভাব ফেলে। সহিংসতা দেখলে শিশুরা সহিংস হয়, আর উদারতা দেখলে তারা উদার হয়।
এমনকি আজও, টেলিভিশন, ভিডিও গেমস বা সোশ্যাল মিডিয়ার সহিংসতা কীভাবে শিশুদের মানসিকতাকে প্রভাবিত করে, তা বোঝার জন্য বোবো ডল পরীক্ষার ফলাফল খুব গুরুত্বপূর্ণ।
উপসংহার:
বোবো ডল পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়—শিশুরা আমাদের আচরণের প্রতিফলন। তাদের সামনে আমরা যা করি, তা তারা অনুকরণ করে। তাই আমাদের দায়িত্ব শুধু নিজের আচরণ সচেতন হওয়া নয়, বরং একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা। কারণ আমাদের প্রতিদিনের কাজই তাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে।
মাহাদিয়া মুতমাইনা
স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
রেফারেন্স:
- Simply Psychology: [Bandura’s Bobo Doll Experiment on Social Learning](https://www.simplypsychology.org/bobo-doll.html)
- Britannica: [Bobo Doll Experiment](https://www.britannica.com/event/Bobo-doll-experiment)
- Verywell Mind: [What the Bobo Doll Experiment Reveals About Kids and Aggression](https://www.verywellmind.com/bobo-doll-experiment-2794993)
- Study.com: [Social Learning: Albert Bandura’s Bobo Doll Study](https://study.com/academy/lesson/social-learning-albert-banduras-bobo-doll-study.html)
- Psychology Today: [Albert Bandura and Observational Learning](https://www.psychologytoday.com/us/blog/the-athletes-way/201704/albert-bandura-and-the-bobo-doll-experiment)
